
নরসিংদীর মাধবদী উপজেলায় ডাকাতদের হামলায় শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূঁইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূঁইয়া ওই এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মিলন ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোন করে বিষয়টি জানান। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে শাহজাহান ভূঁইয়া ও তাদের চাচা সুরুজ ভূঁইয়া পাশের বাড়ি থেকে মিলনের বাড়ির দিকে গেলে বাইরে অবস্থান নেয়া ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে শাহজাহান ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন।
এরপর প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী সোহেল মিয়া জানান, ছোট ভাইয়ের ফোন পেয়ে শাহজাহান ভূঁইয়া ও সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির বাইরে ওত পেতে থাকা ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। পরে ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।